পটুয়াখালী ‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীতে আত্মপ্রকাশ করলো ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন জেলা শাখা। ৫১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সম্প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আলী মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত এই কমিটির উপদেষ্টামণ্ডলী হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব নুরুল হক নুর এবং মাননীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এছাড়াও, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক জনাব স্নেহাংশু সরকার (কুট্টি) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব মোঃ টোটন উকিল উপদেষ্টামণ্ডলীর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
সংগঠনটির পটুয়াখালী জেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় ও গতিশীল করতে জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রবিউল খান হিল্লোল, মোঃ সাইফুল ইসলাম মিঠু এবং মোঃ জহিরুল ইসলাম।
৫১ সদস্যের এই বৃহৎ আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মোঃ মনির হোসেন এবং সদস্য সচিব মোঃ সাকিব পঞ্চায়েত। দাপ্তরিক সমন্বয়ের জন্য যুগ্ম-আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল-আমিন। এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা লোকমান মৃধা এই কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটি পটুয়াখালীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা”— এই আদর্শকে বুকে ধারণ করে দেশ ও দশের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।




ডেক্স রিপোর্ট 







