মাদক মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিক অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। এছাড়াও আদালত একই মামলায় অন্য তিন আসামি লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, আজ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
এর আগে নাসির ইউ মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক মানিক কুমার শিকদার।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (ডিবি) উদয় কুমার মণ্ডল ওই পাঁচ জনের দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এই মামলায় লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকে গ্রেপ্তার দেখানো হয়।