খুলনায় বহুল আলোচিত কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনকে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড হয়েছে। বাকি আটজনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এদের মধ্যে গলাকাটা রাজু পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন চিত্তরঞ্জন বাইন।
মামলার বিবরণে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শের-এ-বাংলা আমাতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান। ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ কলেজ থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফেরেন চিত্তরঞ্জন।
ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যেকোনও সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢোকে। পরে তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় পরের দিন নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার রায়ে চিত্তরঞ্জন বাইনের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।