নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলা করেছে হয়েছে। এ সব মামলায় ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ৯৫ জনকে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ মামলাগুলো দায়ের করা হয়।
মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর। দুই থানায় ঘটনা সংগঠিত হওয়ার সময় উল্লেখ করা হয়েছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং অন্য থানায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট।
মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে, বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল, লোহার রড, ধারালো অস্ত্র, ইটপাটকেল, ককটেল বোমাসহ সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার পতনের দাবিসহ নানা দাবি তুলে অরাজকতা শুরু করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, বিএনপি কোন রকম মিছিল মিটিং করেনি। সরকারি দল নাটক সাজিয়ে ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে চায়।