বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মিশরে অনুষ্ঠিত হওয়া জলবায়ু সম্মেলন কপ-২৭ থেকে দুটি খাতে বাংলাদেশ ২৯ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি। অর্থায়নে গুরুত্ব প্রদান করে সম্মেলনে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা উপস্থাপন করেছিল। ’
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কপ-২৭-এ বাংলাদেশের প্রস্তাব ও প্রাপ্তি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ রোধে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ’
সংবাদ সম্মেলনে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘দেশে কার্বন নিঃসরণের হার খুবই কম। এরপরও যা আছে তার থেকে ২০ ভাগ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শিল্পের স্বার্থেই করা হচ্ছে। ’