সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এ সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।
নতুন এ সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৯টা থেকে ৪টা নির্ধারণ করল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ’