বাংলাদেশ আর্থ-সামাজিক সব সূচকের ক্ষেত্রেই উন্নতি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধি এবং স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এ ক্ষেত্রে অবদান রাখছ। ’
ড. রিজভী ‘পিকেএসএফ দিবস’ উদযাপনে যোগ দিয়ে বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতি ধরে রাখতে এবং বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন
তিনি বলেন, পিকেএসএফের অধিকাংশ কার্যক্রম এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ‘পিকেএসএফ এর কাজকে অগ্রাধিকার দিচ্ছে। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘সমতার সঙ্গে উন্নয়নের দিকে’ স্লোগান নিয়ে ‘পিকেএসএফ দিবস-২০২২’ উদযাপন করছে।
পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার তার উদ্বোধনী বক্তব্যে পিকেএসএফ এর কার্যক্রম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান তুলে ধরেন।
১৯৮৯ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে পিকেএসএফ দারিদ্র্য বিমোচনের জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। পিকেএসএফ আনুষ্ঠানিকভাবে ১৯৯০ সালে যাত্রা শুরু করে। পিকেএসএফ এবারই প্রথম ‘পিকেএসএফ দিবস’ উদযাপন করছে।
পিকেএসএফ এর বর্তমান বোর্ডের সদস্যবৃন্দ এবং সারাদেশে এর অংশীদারের নির্বাহী পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।