ভয়াবহ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপাইন। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। এতে দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে, সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলো।
গত শুক্রবারের ঘূর্ণিঝড়ে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে দ্বীপের অর্ধেকেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলগুলি কাদা এবং ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আরও মৃতদেহের সন্ধান চালিয়ে যাচ্ছে।
মিন্দানাওয়ের বাংসামোরো অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো জানান, ‘আমরা আমাদের অভিযানকে অনুসন্ধান থেকে উদ্ধার অভিযানে স্থানান্তরিত করেছি। কারণ দুই দিন পরে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। ’
ঘূর্ণিঝড় নালগা বিপর্যয় ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। ধ্বংস হয়েছে মাঠের ফসল। অনেক অঞ্চল হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাস্তা ঘাট তলিয়ে গেছে। মারা গেছে বহু গবাদি পশু।