বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য চুক্তি স্থগিত করেছে রাশিয়া। শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এই ঘোষণা দিলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশ্যে তিন মাসের জন্য এই চুক্তি করা হয়েছিল। ফলে সংকটে থাকা বিশ্বের খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের জন্য এটি একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগে খাদ্যশস্য চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার এই ঘোষণা বৈশ্বিক খাদ্য সংকট প্রশমনের প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা তৈরি করবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ বিশেষজ্ঞদের অংশগ্রহণে কৃষ্ণ সাগরের নৌবহরে কিয়েভের শাসকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ইউক্রেনীয় বন্দর থেকে কৃষিপণ্য রফতানির চুক্তি থেকে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার ভোররাতে ইউক্রেন ১৬টি ড্রোন দিয়ে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষজ্ঞরা এই সন্ত্রাসী হামলা চালাতে সহায়তা করেছে।
রাশিয়া বলেছে, কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য করিডোর নিশ্চিত করার কাজে নিয়োজিত জাহাজগুলোর একটির সামান্য ক্ষতি হয়েছে। তবে রুশ সৈন্যরা ইউক্রেনীয় এই ড্রোন হামলা প্রতিহত করেছে।
হামলার কারণে গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনের শস্য রপ্তানি কমে যাবে বলে জানিয়েছে রাশিয়া। ব্রিটিশ বিশেষজ্ঞদের সহায়তায় ইউক্রেনের সামরিক বাহিনী রুশ নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো।
এদিকে, শনিবার ব্রিটেন বলেছে, গত মাসে বিস্ফোরণ ঘটিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইন ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তারা উড়িয়ে দিয়েছে বলে যে অভিযোগ করেছে মস্কো, তা পুরোপুরি মিথ্যা। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতা থেকে মনোযোগ অন্যদিক ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে মস্কো এই ভুয়া অভিযোগ করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক রাশিয়ার বিরুদ্ধে ‘নিজেদের স্থাপনায় কাল্পনিক সন্ত্রাসী হামলার’ নাটক সাজানোর অভিযোগ করেছেন। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, চুক্তি নস্যাতের জন্য মিথ্যা অজুহাতকে ব্যবহার করছে রাশিয়া।
সূত্র: রয়টার্স