হংকংয়ের অন্যতম বড় অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে হংকং কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাস্টমসের পক্ষ থেকে জানানে হয়েছে, দুই বছরে তারা সর্বমোট আট টন সোনা ও প্যালেডিয়াম পাচার করেছে। যার মূল্য দাঁড়ায় প্রায় ৪৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
হংকং কাস্টমস ইতিহাসে এটি রেকর্ড পাচারের ঘটনা।
গত সপ্তাহে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ও ৪৮ বছর বয়সী দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে হংকং কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে সিন্ডিকেট ক্রাইমস ইনভেস্টিগেশন ব্যুরো অব কাস্টমসের প্রধান রিটা লি বলেছেন, মূল ভূখণ্ডের চীন বা অফশোর শেল অ্যাকাউন্টে সন্দেহভাজনরা যথাক্রমে ধাতু বিক্রি করেছে ও অর্থ স্থানান্তর করেছে। লি আরও জানান, মূল্যবান ধাতুগুলো মূল্যে উচ্চ ও আকারে ছোট এবং শহরে বেনামে বিক্রি করার অনুমতি দেওয়া হয়।
সন্দেহভাজন দুজন যে পরিচিত তার কোনো প্রমাণ অবশ্য পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু তারা একই নিরাপত্তা কোম্পানির সঙ্গে জড়িত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনরা একটি অপরাধ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।
গত মাসে, হংকংয়ে একটি গ্যাংয়ের চার সন্দেহভাজন সদস্যকে দুই বছরে ৫২ মিলিয়ন মার্কিন ডলার পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।