কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার (২৬ অক্টোবর) নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’র (এআইসিসি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দলটির সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
এর আগে বুধবার (১৯ অক্টোবর) প্রবীণ রাজনীতিক শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন খাড়গে।
এর ফলে দীর্ঘ ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কোনও সভাপতি পায় কংগ্রেস।
চলতি বছরই ভারতের দেশটির দুই রাজ্যে নির্বাচন। আগামী বছর কংগ্রেস শাসিত দুই রাজ্যে নির্বাচন এবং সর্বোপরি ২০২৪ সালে ‘মোদি হাওয়া’র মোকাবিলা। এসব ‘চ্যালেঞ্জ’ মাথায় নিয়েই কংগ্রেস সভাপতির পদে বসলেন মল্লিকার্জুন।
দায়িত্ব গ্রহণের পর দলের সবার সহযোগিতা চেয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, এটা আমার জন্য আবেগের ব্যাপার। একজন শ্রমিকের ছেলে, ব্লক স্তরের সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে জীবন শুরু করে আজ দলের প্রধানের পদে বসতে পেরে আমি আনন্দিত। আমাকে এই দুর্লভ সম্মান দেখানোর জন্য সবাইকে নতমস্তকে ধন্যবাদ জানাই।
এদিকে কংগ্রেসের সব সাধারণ সম্পাদক এবং ইনচার্জরা দলের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। টুইটারে একথা জানান কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল। তিনি আরও জানন, সিডব্লিউসির নতুন সদস্যদের খুব দ্রুত নির্বাচন করা হবে। তাড়াতাড়িই নিজের নতুন টিমের ঘোষণা করবেন খাড়গে। এক্ষেত্রে কংগ্রেসর ওয়ার্কিং কমিটির জন্য ১২ জন সদস্যকে বেছে নেওয়া হবে।
নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, কংগ্রেস সভাপতি হওয়া একটি বিরাট দায়িত্ব। নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর কংগ্রেস পার্টি বহু চড়াই-উৎরাই দেখেছে। বস্তুত, এখনও দেখে চলেছে। আমি নিশ্চিত, খাড়গের নেতৃত্বে আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হব।