গতকাল অর্থাৎ ৭ অক্টোবর ৭০ বছরে পা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই নিজের জন্মদিন উদযাপন করলেন এই বিশ্ব নেতা। তবে
এই জন্মদিনে উদ্ভুত উপহার পেয়েছেন তিনি। জন্মদিনে উপহার হিসেবে একটি ট্রাক্টর ও তরমুজ পেয়েছেন এই রুশ প্রেসিডেন্ট।খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, নিজের ৭০তম জন্মদিনে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন পুতিন। বেলারুশ প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো তাকে এই উপহারটি দিয়েছেন। অন্যদিকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট থেকে পাহাড়ি তরমুজ উপহার পেয়েছেন তিনি। আর যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ও হুমকিকে চূর্ণ করার জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
ট্রাক্টর উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। নিজের জন্মভূমি সেন্ট পিটারসবার্গে আলোচনার সময় তিনি এ উপহার দিয়েছেন।
বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটাসবার্গের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। পুতিন সেখানে শুক্রবার হাজির হলে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন।
১৯৯৪ সাল থেকে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিনকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের এ দেশটি।
এ দিকে পুতিন বিরোধীরা জন্মদিন উপলক্ষে তাকে একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পুতিন বিরোধীরা পুতিনের একটি মূর্তি তৈরি করেছেন; যেখানে সোনার টয়লেটে নগ্ন হয়ে বসে রয়েছেন পুতিন।