জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, বেলা ২টায় গ্রিড বিপর্যয় ঘটে৷
পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে৷ সীমিত এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে।
পিজিসিবির বলছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে৷