ইউক্রেন ইস্যুতে বার বার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছিল রাশিয়া। তবে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ কথা জানান। খবর আরটির।
প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানায়, রোববার (২ অক্টোবর) প্রকাশিত সিএনএনের ফারেদ জাকারিয়ার শোতে সাক্ষাৎকার দেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড। তিনি বলেন, ‘রাশিয়া হুমকি দিলেও ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। ’
সম্ভাব্য পারমাণবিক সংঘাত সম্পর্কে পুতিনের সতর্কতা সম্পর্কে লয়েড বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই ব্যক্তি (পুতিন) সব সিদ্ধান্ত নেন। আমি বুঝাচ্ছি, সে একা। ’
‘পুতিনের ওপর কোনো ভরসা নেই। তিনি ইউক্রেন আক্রমণ করার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনি জানেন। তিনি আরও (পরমাণু অস্ত্র ব্যবহার) সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমি এই মুহূর্তে এমন কিছু দেখতে পাচ্ছি না যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করবে,’ যোগ করেন তিনি।
পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কোনো পথ তারা অবলম্বন করবে না বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে বলে জানান লয়েড।
তিনি বলেন, ‘সম্প্রতি ব্যক্তিগতভাবে আমি সের্গেইয়ের সঙ্গে কথা বলেছি যেমনটা আগে করেছি। ওই কথোপকথনে আমি পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে কথা বলেছি ও এই ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণ না করার জন্য তাদের সতর্ক করেছি। ’
আরটি বলছে, ওয়াশিংটন বারবার পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছে। তবে ইউক্রেন জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে; যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।