রাশিয়ার এখন ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। শনিবার দোনেৎস্কর গুরুত্বপূর্ণ লিমান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন বাহিনী। সেখান থেকে সেনাদের সরিয়ে আনার কথা স্বীকার করেছে রাশিয়া। খবর রয়টার্স।
ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের সমালোচনা করে রমজান কাদিরভ এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা ও কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা।
দোনবাসের গুরুত্বপূর্ণ শহর লাইমান পুনর্দখল করার দ্বারপ্রান্তে আছে ইউক্রেনের সেনারা। এ শহরটি হাতছাড়া হলে দোনেৎস্কের পূর্বাঞ্চলে রুশ সেনাদের রসদ পরিবহন এবং সামরিক কার্যক্রম ব্যহত হবে।