পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সেনাবাহিনীর গাড়িবহরে হামলায় ১১ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও ৫০ জন বেসামরিক লোকের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে বুরকিনা ফাসো সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, সাহেল অঞ্চলের সোম প্রদেশের গাসকিন্দের কমিউনের কাছে জিবো শহরের দিকে যাওয়ার সময় সামরিক বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে সন্ত্রাসী আক্রমণ চালায় হামলাকারীরা। এ হামলায় ১১ সেনা নিহত, ২০ জন সৈন্যসহ ২৮ জন আহত এবং প্রায় ৫০ জন বেসামরিক লোক নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার কারণে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সঠিক কারণ জানা যায়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে বুরকিনা ফাসোর নিরাপত্তা খারাপ হতে থাকে। নানা সময়ে হামলায় পশ্চিম আফ্রিকার দেশটিতে ১ হাজার জনেরও অধিক লোক নিহত হয়েছে। এছাড়াও ১.৯ মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।