আলোচনার মাধ্যমে যথোপযুক্ত উপায় বের করে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে ভারত ও চীন। জাতিসংঘে এ আহ্বান জানায় রাশিয়ার দুই মিত্র দেশ। ভারত ও চীনের এই আহ্বানের ফলে রাশিয়ার প্রতি তাদের ঐতিহ্যগত জোরালো সমর্থনের অভাব পরিলক্ষিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার উপর চাপ দিয়ে যাচ্ছে বিশ্ব নেতারা।এর বিপরীতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের ভাষণে জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ‘ভয়ংকর’ প্রচারণা চালাচ্ছে।
জাতিসংঘে সাধারণ পরিষদে রাশিয়াকে সমর্থন দেবে ভারত ও চীন সেরকম ধারণা ছিল অনেকের। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। আলোচনার মাধ্যমে সমাধান চান রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত এ দুই দেশ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন দুই দেশকেই ‘‘সংকট ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে’’ হবে। চীন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে। সর্বাধিক অগ্রাধিকার হলো শান্তির জন্য আলোচনার পথ তৈরি করা। আসল সমাধান হলো সব পক্ষের নিরাপত্তা উদ্বেগকে মোকাবিলা করা এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। ’
রাশিয়ার দীর্ঘ দিনের মিত্র ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াতে মনোযোগ দিয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে নিয়মিত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে ভারত। ফলে ভেবে চিন্তে পা ফেলতে হচ্ছে ভারতকেও। তবে জাতিসংঘের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর দিকেই মত ভারতের।
জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘ইউক্রেন সংঘাত ক্রমাগত উত্তপ্ত হওয়ার কারণে আমাদের প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে আমরা কার পক্ষে আছি। এ ক্ষেত্রে আমাদের উত্তর সব সময় একই। আমাদের অবস্থান সব সময়ই পরিষ্কার। ভারত শান্তির পক্ষে এবং আগামীতেও দৃঢ়ভাবে এ অবস্থানে থাকবে। আমরা তাদের পক্ষে, যারা একমাত্র পথ হিসেবে আলোচনা ও কূটনীতির আহ্বান জানায়। ’