তাইওয়ানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪৪ মিনিটে দক্ষিণ-পূর্ব তাইওয়ানে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরেই তাইপে কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে আল জাজিরা জানায়, দুপুর ২ টা ৪৪ মিনিটে তাইতুং শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে সাগরের দশ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স বলছে, রিক্টার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, তাইতুং দ্বীপের আবহাওয়া অফিস বলেছে, ভূমিকম্পের জন্য ট্রেনে বগি লাইনচ্যুত হয়েছে। একই সঙ্গে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
একটি স্থানীয় সংবাদ মাধ্যম নিজেদের প্রতিবেদনে জানায়, ভূমিকম্পে একটি দোতলা আবাসিক ভবন এবং একটি কনভেনিয়েন্স স্টোর ধসে পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।
তাইওয়ান রেল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে পূর্ব তাইওয়ানের ডংলি স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির কিছু অংশ ধসে পড়ে। এ ছাড়া রেলের তিনটি বগি লাইনচ্যুত হয়। সেখানে থাকা প্রায় ২০ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে শানিবার সন্ধ্যায়ও একই অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা তাইওয়ানের নিকটবর্তী দ্বীপগুলোতে সুনামির সতর্কতা জারি করেছে। তারা ধারণা, বিকেল নাগাদ তিন ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও একটি সতর্কবার্তা পাঠিয়েছে। তারা বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার উপকূল জুড়ে বিপজ্জনক সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
তাইওয়ানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।