মৌসুমের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতা এই ফরোয়ার্ডের ১৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে লেস্টার সিটি। আজ লিগ ম্যাচে ব্রেন্ডন রজার্সের দলকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম।
অথচ ঘরের মাঠে মাত্র ৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল টটেনহাম।জেমস জাস্টিনকে ডি বক্সে ফেলে দেন ডাবিনসন সানচেজ। স্পটকিক থেকে ইয়েরি টিয়েলসমানের নেওয়া শটটি অবশ্য ফিরিয়ে দিয়েছিলেন স্পার্স গোলরক্ষক হুগো লরিস। তবে টিয়েলসমান শট নেওয়ার আগেই গোললাইনের বাইরে চলে আসায় আবার পেনাল্টি পায় লেস্টার। এবার আর কোনো ভুল করেননি টিয়েলসমান।
টটেনহাম সেই গোল শোধ দিতে বিন্দুমাত্র সময় নেয়নি। এক মিনিট বাদেই কর্নার কিক ছোট করে নেন ডেজান কুলুসেভেস্কি। কাছে থাকা ইভান পেরিসিচের সঙ্গে বল দেয়া-নেয়া করে দূরের পোস্টে মারেন তিনি। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা হ্যারি কেইন গোলের মোক্ষম সুযোগ হেলায় হারাননি।
এরপর ২১ মিনিটে ম্যাচে লিড নেয় টটেনহাম। এবারও কর্নার কিকে কপাল পোড়ে লেস্টারের। পেরিসিচের সহায়তায় গোল করেন এরিক ডায়ার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল হয় আর একটি। এবার অতিথিরা ম্যাচে ফেরায় সমতা। ভলি থেকে দর্শনীয় এক গোল করে লেস্টারকে স্বস্তিতে ভাসান জেমস ম্যাডিনসন।
ম্যাচে এরপর লেস্টার আর কোনো সুযোগই পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো বেন্টাঙ্কুর ৪৭ মিনিটে আবার এগিয়ে নেন স্বাগতিকদের। এরপরই বদলি হয়ে নামা সনের জাদু। ৫৯ মিনিটে মাঠে নামার পর ৭৩ মিনিটে নিজের প্রথম গোল করেন এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। ডি বক্সের বাইরে থেকে তার গোলা খুঁজে নেয় জাল।
পরের গোল দুটিও ছিল বেশ দর্শনীয়। ৮৪ মিনিটে হ্যারি কেইন এবং ৮৬ মিনিটে পিয়েরে-এমিল হবজার্বের সহায়তার হ্যাটট্রিক পূরণ করেন সন। প্রথম দক্ষিণ কোরিয়ান ফুটবলার হিসেবে বদলি নেমে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সন। এ ছাড়াও ২০১৫ সালের পর বদলি হয়ে নেমে আর কোনো ফুটবলার প্রিমিয়ার লিগে দেখাতে পারেননি এই কৃতিত্ব।
লেস্টার সিটির বিপক্ষে পাওয়া বিশাল জয়ের পর টটেনহাম এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের স্থানে। ম্যানচেস্টার সিটি শীর্ষে আছে সমান ১৭ পয়েন্ট নিয়ে। গোল ব্যবধানে এগিয়ে থাকাতেই শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার দল।