২০২৩ সালের ১৪ জানুয়ারি সাউথ আফ্রিকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৯৯৮ সাল থেকে ছেলেদের যুব বিশ্বকাপ মাঠে গড়ালেও অনূর্ধ্ব-১৯ নারী টি-
টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবারই প্রথম। মেয়েদের এই বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ দলের টুর্নামেন্টে ‘এ’
গ্রুপে রয়েছে বাংলাদেশ
আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশের মধ্যে ১১টি দেশ খেলবে এই টুর্নামেন্টে, সঙ্গে ৫টি সহযোগী সদস্যদেশ। পূর্ণ সদস্য আফগানিস্তান এ টুর্নামেন্টে অংশ নেবে না। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মেয়েরা।
‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্দোনেশিয়া আছে ‘সি’ গ্রুপে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
সহযোগী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া এবং রুয়ান্ডা এই প্রথম আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এশিয়ার ইন্দোনেশিয়া প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক আসরে জায়গা করেছে ইস্ট এশিয়া–প্যাসিফিক গ্রুপের খেলায় পাপুয়া নিউগিনিকে হারিয়ে। আর আফ্রিকার রুয়ান্ডা বিশ্বকাপে উঠেছে তানজানিয়াকে হারিয়ে।
বাংলাদেশ দল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ১৪ জানুয়ারি (অস্ট্রেলিয়া), ১৬ জানুয়ারি (শ্রীলঙ্কা) ও ১৮ জানুয়ারি (যুক্তরাষ্ট্র)। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল জায়গা করবে সুপার সিক্স পর্বে। ২৭ জানুয়ারি ২টি সেমিফাইনালের পর ফাইনাল হবে ২৯ জানুয়ারি।