সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ ও রোগীর সংখ্যা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি এ জন্য মন্ত্রণালয় ও সিটি করপোরশনের পদক্ষেপসহ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কার্যকর পদক্ষেপের কারণে গত দুই বছর ডেঙ্গুর প্রকোপ কম ছিল।তবে এখনও সমপর্যায়ের দেশগুলো থেকে ডেঙ্গু পরিস্থিতি ভালো বাংলাদেশে। ’
তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ হাজার, ভারতে ৩০ হাজার আক্রান্ত হলেও বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮০৩ জন। এ বছরে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তবে একজন মানুষের মৃত্যুও দুঃখজনক। সরকার ডেঙ্গু নিধনে সব ধরনের চেষ্টা করছে। ’
তাজুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনগুলোতে ক্লাস্টার অনুযায়ী ডেঙ্গু নিধনে কাজ করা হচ্ছে। কীটনাশক দিচ্ছে। ’ এ ক্ষেত্রে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।