ভারতের জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রহ.) এর দরগাহ শরিফ পরিদর্শন এবং তাঁর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কবর জিয়ারত করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন আজ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ পরিদর্শন করেন।প্রখ্যাত এই সুফির কবর জিয়ারত করার পর তিনি নফল নামাজ আদায় করেন। মোনাজাতে প্রধানমন্ত্রী দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জয়পুর যান।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যা ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।
নরেন্দ্র মোদি-শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়।
দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে এক সঙ্গে কাজ করতে সম্মত হন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রী কিষাণ রেড্ডি, ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।