রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিরাপত্তা এলাকা ঘোষণার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-আইএইএ।
গত সপ্তাহে ওই বিদ্যুৎ কেন্দ্রে একটি দল পাঠায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। ওখান থেকে ফিরে মঙ্গলবার সংস্থাটি একটি প্রতিবেদনে বলেছে, সেখানকার বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল।
এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।বিদ্যুৎ কেন্দ্রটিতে গোলাগুলির জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে এবং যেকোনো সময় এখানে একটি পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
আইএইএ বলেছে, সামরিক হস্তক্ষেপে বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষতি যেকোনো সময় পারমাণবিক দুর্ঘটনা ঘটাতে পারে। এটি রোধে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
সংস্থাটি বলছে, কেবল ওই অঞ্চলকে একটি নিরাপত্তা অঞ্চল ঘোষণার মাধ্যমেই সম্ভাব্য বিপর্যয় এড়ানো যেতে পারে। এই কেন্দ্রটির যাতে আর কোনো ক্ষতি না হয় সে দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছে আইএইএ।