নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীর হাট মোড়ে বিএনপি নেতা কাজী মফিজের নেতৃত্বে সোমবার বিকেলে বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া
ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় চরম উত্তেজনা দেখা দেয় ও দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
স্থানীয়রা জানায়, বিএনপির মিছিলে আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে।এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে ৩/৪জন আহত হয়েছে। এদিকে স্থানীয়
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান কানন অভিযোগ করেন, বিএনপি হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন
উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। এসপি আরও জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ
করা হয়েছে।