মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে রাষ্ট্রদূতকে একটি
আনুষ্ঠানিক পত্র (নোট ভারবাল) দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, একে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে ঢাকা।তবে কূটনৈতিকভাবে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো
হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় তমব্রু উত্তর পাড়ায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পড়ে
সেনাবাহিনী বিজিবি বোমা নিস্ক্রিয়করণ দল এসে তা উদ্ধার করে।
উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকায় গত এক সপ্তাহ ধরে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে।