রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনকে মাইন বের করা যায় এমন ড্রোন দিচ্ছে ইউনাইটেড কিংডম। এর আগে দেশটিকে মাইক্রো ড্রোন দিয়ে সাহায্য করে নরওয়ে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুক্তরাজ্যর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করতে এবং সমুদ্র তলদেশের মাইন সরাতে সহায়তা করার জন্য ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার ড্রোন দিবে যুক্তরাজ্য।রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাবঅ্যাক্যাটিক মাইনহান্টার সোনার-চালিত ড্রোন ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই ড্রোন ইউক্রেনের জলসীমার হুমকি মোকাবেলায় সহায়ক হবে বলে আশা পোষণ করেছেন তারা।
এর আগে ইউক্রেনকে যৌথভাবে মাইক্রো ড্রোন সরবরাহের কথা জানায় নরওয়ে ও যুক্তরাজ্য। এগুলো নজরদারি ও লক্ষ্যস্থল শনাক্তকরণে ব্যবহৃত হয় বলে জানিয়েছে তারা। এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ছয় মাস অতিক্রম করেছে। গত ছয় মাস ধরে দু’দেশের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। পরে কিছু এলাকা আবার ইউক্রেন আবার পুনর্দখলও করেছে।