স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন পুলিশ প্রধানের ভিসাপ্রাপ্তি নিয়ে অপব্যখ্যা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভিসাপ্রাপ্তি নিয়ে অপব্যখ্যা দিয়ে সত্যের অপলাপ করেছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, পুলিশ প্রধান বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে ভিসা দেয়ার বিষয়ে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর।শর্তসাপেক্ষে তার দুদিনের ভিসা প্রাপ্তি ও এ নিয়ে সরকার অবস্থানের কারণে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে বিনষ্ট হয়েছে।
ফখরুল বলেন, দেশের প্রতিনিধি দলের সঙ্গে বিতর্কিত আইজিপিকে সংযুক্ত করে মূলত মানবাধিকার লঙ্ঘন সরকার চালিয়ে যেতে চায় বলে প্রতীয়মান হয়।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোন উদ্বেগ প্রকাশিত হয়নি।
আর এটিই প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। বরং মানবাধিকার লঙ্ঘনের নজির বিএনপি ক্ষমতায় থাকার সময় স্থাপন করেছিল। এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেনি বরং দেশ খুব সুশৃঙ্খল ভাবেই চালাচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার জন্য বিএনপি এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে। যার প্রমাণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।