ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে পোল্যান্ড। এবার রাশিয়া পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের নিউজ পোর্টাল ওনেট পোলিশ সরকার এবং রাষ্ট্রীয় জ্বালানী শক্তি সংস্থা পিজিএনআইজি’র বরাতে জানায়, ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস বন্ধ করেছে রাশিয়া।
তবে গ্যাস বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মস্কো বা ওয়ারশ কোনো পক্ষই নিশ্চিত করে বলেনি।
পোলিশ সূত্র দাবি করেছে, রাশিয়া পোল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি আগে থেকে জানায়নি।
গতকাল মঙ্গলবার, পোল্যান্ড রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে। গ্যাজপ্রম পোলিশ কোম্পানির ৪৮ শতাংশ শেয়ারের মালিক। পাশাপাশি ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের সহ-মালিকও তারা।