পটুয়াখালীর গলাচিপায় শত্রুতার জেরে ২০ শতাংশ জমির আলু চারা ও চারপাশের নেটের বেড়া উপরে ফেলেছে দুর্বৃত্তরা।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নে কোকাইতবক গ্রামে ২ নম্বর ওয়ার্ডের জব্বার সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৪০) এর জমিতে। সরেজমিনে ঘুরে দেখা যায়, কৃষক জাহাঙ্গীর সরদারের আলুর খেতে খুব সকালে ছোট ছোট আলু গাছের চারাসহ নেটের বেড়া উঠিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর সরদার বলেন, আমার ২০ শতক জমির বীজ আলু খেত নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি জানজানি হলে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা জাহাঙ্গীর সরদারের আলুর খেত নষ্ট করেছে তা বলতে পারছি না। তবে বিষয়টি আমি খতিয়ে দেখব।