বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি এটিকে ‘প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া বীর নারীদের গৌরবগাঁথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা’ বলে মন্তব্য করেন।
শনিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন৷
এর আগে গত রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র্যালি উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি, সেই সময় আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়া এ সরকারের কারাগারে আটকাবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেই সময় আমরা বিজয় র্যালি করছি।
ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের বলেন, চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন বিএনপি নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন- তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো।
‘মির্জা ফখরুল খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া বীর নারীদের গৌরবগাঁথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় কাদের আশা প্রকাশ করে বলেন, বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত থাকবেন। তাদের বোধোদয় হওয়া উচিত যে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ ও জাতিদ্রোহিমূলক কার্যকলাপে লিপ্ত থাকার কারণেই বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে।
‘মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা বিদেশে অর্থ পাচারের কথা বলেছেন। দেশবাসী জানেন-এই অর্থপাচারের মূল হোতা কারা এবং হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ’
কাদের আরও বলেন, দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন ও অর্থপাচারকারীদের দল বিএনপি নেতাদের মুখে অর্থপাচারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়!
তিনি বলেন, বিএনপির শাসনামলে জার্মানির প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিমেন্স গ্রুপের কাছ থেকে তারেক রহমানের ঘুষ গ্রহণের কথা আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে চীনের হার্বিন কোম্পানির কাছ থেকে তারেক রহমানের ঘুষ কেলেঙ্কারির কথা সবাই জানে।