জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা রুটে মোটরসাইকেল চালাচ্ছেন শতাধিক রেন্টে মোটরসাইকেল চালক। পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নেওয়াই যেন তাদের নিত্যদিনের বাস্তবতা।
গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকার মোটরসাইকেল রেন্ট চালক মো. দুলাল বলেন:
আমরা প্রায় ১০০ থেকে ২০০ জন চালক প্রতিদিন মোটরসাইকেল ভাড়ায় চালাই। কিন্তু সরকারের কাছে আমাদের মতো হতভাগাদের জন্য কোনো তহবিল বা সহায়তা নেই। গলাচিপা টিএনও অফিসে জানিয়েছি, আরও অনেক অফিসেও গিয়েছি—কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন:
আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়ে—সবাই আছে। তাদের সংসারের চাহিদা মেটাতে প্রতিদিনই মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা যেতে হয়। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবুও আল্লাহ তায়ালা ছাড়া আমাদের পাশে আর কেউ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শতাধিক মোটরসাইকেল এই রুটে চলাচল করে। ঝুঁকিপূর্ণ রাস্তা, ভাঙা সেতু, কাঁচা ঘাট ও খারাপ আবহাওয়ার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। চালকদের অভিযোগ, জ্বালানির দাম বৃদ্ধি ও যাত্রী সংকটে তাদের দৈনন্দিন আয়ও কমে গেছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, স্থানীয় সড়কগুলোর উন্নয়ন কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে এবং ভবিষ্যতে পরিবহন শ্রমিকদের জন্য সহায়তা তহবিল গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।