রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের আছে। এখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করুন।
ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। নারীদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা গর্বিত। ’
শেখ হাসিনা বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নরী-পুরুষের বৈষম্য কমেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা বিশ্ব শান্তি রক্ষায় অবদান রেখে যাচ্ছে। ’
দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান শীর্ষে বলেও জানান তিনি।
নারীর ক্ষমতায়নে তার সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে যেসব নারীরা শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে, তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র গঠনের শুরুতেই লিঙ্গ সমতার সারমর্মটি সঠিকভাবে চিহ্নিত করেছিলেন। সমান সুযোগ প্রদানের মাধ্যমে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা ছাড়া আমরা জাতীয় উন্নয়নের কাঙ্ক্ষিত স্তরে যেতে পারব না।