আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনতাই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই ঘটনা ঘটার সাথে সাথেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে বলা হয়েছে যাতে তারা বের হতে না পারে দেশ থেকে।
মন্ত্রী বলেন, খুব দ্রুত তাদেরকে ধরে ফেলা হবে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এখনও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে কারও কোনো গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি অ্যলার্মিং অবশ্যই। তবে, হাইকোর্টের একটি রায়ের কারণে দণ্ডপ্রাপ্ত আসামিদের ডাণ্ডা বেড়ি খুলে রাখা হয়।
রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন দুপুরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও জেএমবি সদস্য আবু সিদ্দিক ও মইনুলকে ঢাকার আদালতের সামনে থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
জানা যায়, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে ‘গ্যাস স্প্রে’ করে লাপাত্তা হন তারা। ডিবিপ্রধান হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকার প্রতিটি প্রবেশ-বাহির পথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে।