ঘুস কেলেঙ্কারির মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে এ জামিনের আদেশের ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই।
এনামুল বাছিরের আইনজীবী অ্যাডভোকেট ফারুখ আলমগীর চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্ট তার সাজা থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য নথিপত্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন আদালত। ’
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর গে চলতি বছরের সেপ্টেম্বরে এনামুল বাছিরের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী।
তারও আগে গত ২৩ আগস্ট হাইকোর্ট থেকে খন্দকার এনামুল বাছিরকে জামিন দিলেও পরে সেটি বাতিল করে দেন চেম্বারজজ আদালত।