রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে ঢাকায় এসে পৌঁছেছেন। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে এ সফর করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট। এতে তাঁর সহধর্মিণী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।
এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
গত ২৯ অক্টোবর ভোরে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ১৬ দিনের সফরে রাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান। গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়। আগামীকাল সকালে বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। -বাসস