দেশের মর্যাদা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে কারো কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। ’
বুধবার (১৬ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসাতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। ’
ড. রাজ্জাক বলেন, ‘সার, জ্বালানি ও আমদানি খাতে সরকারকে প্রচুর পরিমাণে ডলার ভর্তুকি দেওয়া লাগছে। ফলে দেশে ডলার সংকট আছে সত্যি। তারপরও দেশে খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ’
আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকের অসন্তুষ্টি এবং ধানে লোকসান বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের এবার লোকসান হবে না। ’
এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।