সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উত্তর তামিলনাডুর–উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১২ নভেম্বর) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং রোববার (১৩ নভেম্বর) সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।