ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
গত সেপ্টেম্বরের শুরুতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য খসড়া ঋণ চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
প্রকল্প কর্মকর্তারা জানান, চীনা এক্সিম ব্যাংক এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ হাজার ২২৬ দশমিক ৫৩ কোটি টাকার ঋণের অনুমোদন দিয়েছে।
মোট ১৬ হাজার ৯০১ কোটি টাকার প্রকল্প ব্যয়ের ৬৫ শতাংশ দেবে চীন।
২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ইপিজেডকে যুক্ত করবে। তবে এ এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে যানবাহনগুলোকে টোল দিতে হবে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন।
প্রকল্পের নথি অনুযায়ী, এই এক্সপ্রেসওয়ে চালু হলে দেশের ৩০ জেলার মানুষ দ্রুত ও সহজে রাজধানীতে প্রবেশ ও বের হতে পারবে। এর মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ০ দশমিক ২১ শতাংশ বাড়বে বলেও আশা করা হচ্ছে।
অপরদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও চলমান আছে। এই এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্টে যুক্ত হবে।
বিমানবন্দর থেকে বনানী-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের চালুর সময় সংশোধন করে এটি ২০২৩ সালের জুনে চালু হবে বলে জানানো হয়েছে।