বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ আছে বলে জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। ’ রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মিয়ানমারে কাজ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা জানান।
বাংলাদশের নির্বাচন বিষয়ক আলোচনায় জাতিসংঘ যুক্ত হবে কি না, সেটি স্বাগতিক দেশের আমন্ত্রণ অথবা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করে গোয়েন লুইস। তিনি বলেন, তবে নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশই ঠিক করবে।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় অনেকে আহত হচ্ছেন। মারাও যাচ্ছেন। এটা নিশ্চয়ই উদ্বেগের বিষয়। ’
বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের ম্যান্ডেট নেই জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘এটা (নির্বাচন) নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া অবধি এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই। ’
ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।