গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার পৌনে ৪টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান।
তিনি বলেন, অপ্রকাশিত কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে নিজেই অব্যাহতি নিয়েছেন মর্মে একটি লিখিত আবেদন রোববার বিকেলে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেন শহীদুল্লাহ। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
তিনি বলেন, এখনও আমাদেরকে লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি।
এদিকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম বলেন, আমাকে দলীয়ভাবে জানানো হয়েছে যেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেই।
জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি এসব অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট ৪০ সেকেন্ডের আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা দেখা দেয়। অনেকেই আওয়ামী লীগের মতো প্রাচীন দলের নেতা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত তা মানতে পারছেন না।
এ ঘটনার পর কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ দেওয়া হয় শহীদুল্লাহকে। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়া মুহম্মদ শহীদুল্লাহ বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি। পাশাপাশি তিনি কাপাসিয়া প্রেসক্লাবেরও সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে