ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে ফের জনগণের প্রতিনিধি নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববার নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অল্প ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে লুলা পেয়েছেন ৫০.৯ শতাংশ ভোট যেখানে ডানপন্থী বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট।
এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন লুলা।
তাঁর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।
ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা চলছিল। দুই পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। বলসোনারোর সমালোচকেরা তাঁর বিরদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা এবং আমাজন বন উজাড় করার করার বিষয়ে কথা বলে আসছেন।
লুলা দা সিলভা ও বলসোনারো দুজন দুই মেরুর রাজনীতিবিদ হিসেবে পরিচিত। লুলা দা সিলভা বামপন্থী রাজনীতিবিদ আর বলসোনারোকে কট্টর ডানপন্থী বলে মনে করা হয়।
রোববার রাতে এক বক্তৃতায় লুলা বলেন, তিনি বিভক্ত দেশকে একত্রিত করবেন। আমাজন বনকে সংরক্ষণে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। লুলা আরও বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে আমি শুধু তাদের প্রেসিডেন্ট নই, আমি সমস্ত ব্রাজিলিয়ানদের প্রেসিডেন্ট। আমরা এক দেশ, এক মানুষ, এক মহান জাতি। ’