দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসব বিষাদে রূপ নিয়েছে। সিউলের ইতায়েওন জেলায় হ্যালোইন উৎসবের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও দেড় শতাধিক মানুষ। সিউল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে
ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। তাই আহত-নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব হ্যালোইন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সিউলের কেন্দ্রীয় ইতায়েওন জেলায় এ উৎসব উদযাপনকালে হঠাৎ হুড়োহুড়ি লেগে যায়। এসময় অসংখ্য মানুষ পদদলিত হয়। জানা গেছে, পদদলনে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঘটনাস্থলের ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা সিপিআর দিচ্ছেন এবং উদ্ধারকারীরা অন্যের নিচে আটকে পড়া লোকদের টেনে আনার চেষ্টা করছেন।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ওই এলাকায় জরুরি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। হতাহতের সংখ্যা কমাতে হাসপাতালের শয্যা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। এদিকে, জরুরি বৈঠক ডেকেছেন কোরীয় প্রেসিডেন্ট।