ইরানের শিরাজ শহরের একটি শিয়া মাজারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় ১৫ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। হামলাটিকে সাম্প্রদায়িক চরমপন্থিদের দ্বারা পরিচালিত একটি ‘সন্ত্রাসী অভিযান’ বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
শাহচেরাগ মাজারে হামলার ঘটনাটি ঘটে।
হামলার সময় তীর্থযাত্রীরা শিয়াদের পবিত্র স্থানটি দেখতে যাচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, বন্দুকধারীরা মন্দিরে প্রবেশ করার পর কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালায়।
নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী তৃতীয় জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে।
ইরানের একাধিক সংবাদ সূত্র এই হামলাকে ‘তাকফিরি’ বা চরমপন্থিদের ‘সন্ত্রাসী অভিযান’ বলে অভিহিত করেছেন। তাকফিরি শব্দটি সুন্নি ইসলামিক গোষ্ঠীগুলিকে বোঝায়। যারা মূলত হিংসাত্মকভাবে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালায়। এই ক্ষেত্রে, শিয়া সম্প্রদায়কে টার্গেট করে থাকে চরমপন্থিরা।
উল্লেখ্য, শাহচেরা শিয়াদের একটি পবিত্র স্থান। খ্রিস্টীয় দশম শতাব্দীতে নির্মিত হয় এই মাজার। মাজারটিতে মূলধারার শিয়া ইসলামের সপ্তম ইমাম মুসা আল-কাজিমের পুত্রদের সমাধি রয়েছে।