মিয়ানমারের কাচিন রাজ্যে বিদ্রোহী একটি গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। এতে অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। খবর বিবিসির।
নিহতের এই সংখ্যাটি বিবিসিকে জানিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি বলছে, উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে একটি কনসার্টের আয়োজন করে কেআইএ। সেখানে যুদ্ধ বিমান দিয়ে তিনটি বোমা হামলা চালায় জান্তা বাহিনী। হামলার বিষয়ে আগে কোনো সতর্কতা জানানো হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
স্বাধীনতাকামী জাতিগত গোষ্ঠীটির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তিনটি বিস্ফোরণ হয়। এতে কনসার্ট চলাকালীন ভবনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় ও হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কাচিনের জনপ্রিয় চার সঙ্গীতশিল্পী রয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহরে নেওয়ার সময় বাধা দেয় সামরিক বাহিনীর সদস্যরা।
দীর্ঘদিন ধরেই কাচিন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করছে কেআইএ। এর মূলে রয়েছে জেড পাথরের খনি। এ খনি থেকে প্রতি বছর তিন হাজার কোটি ডলারের পাতর উত্তোলন করা হয়।
বিবিসি বলছে, জান্তা সরকারের বিরুদ্ধে যেসব সশস্ত্র গোষ্ঠীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সমর্থন দিয়ে আসছে কেআইএ। এই আক্রমণের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সতর্কবার্তা দিল জান্তা বাহিনী।
তবে বিমান হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। অন্যদিকে হামলাটিকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করছে কেআইএ।