গণপরিবহন বন্ধ করে বা অঘোষিত হরতাল-কারফিউ দিয়ে খুলনায় বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দুটো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এর আগে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দল ও ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি।
সংলাপে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য শুরু করা নিয়ে দাবির বিষয়ে এ দুটো দলের সঙ্গে একমত হয়েছে বিএনপি।
এ সময় তিনি বলেন, শত বাধা দিয়েও খুলনায় বিএনপির সমাবেশ বন্ধ করা যাবে না।
আগামী ২২ অক্টোর খুলনায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে ২১ ও ২২ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক সংগঠন। মালিক শ্রমিক নেতারা জানান, ওই দু’দিন খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।