পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। আর এতে তারা সফল হয়েছে বলে দাবি করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ‘আইএনএস অরিহন্ত’ থেকে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত।
আর এতে সফল হয়েছে তারা।
সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই পরীক্ষাটি চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইএনএস অরিহন্ত থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত শর্ত ও প্যারামিটারের সবই পূরণ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণটি ক্রুদের দক্ষতার প্রমাণ এবং ভারতীয় সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতাকে বৈধতা দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইস অব ইন্ডিয়া বলছে, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে নাম লিখেছে ভারত। কারণ ষষ্ঠ দেশ হিসেবে পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
আর-জাজিরা বলছে, নিজস্ব প্রযুক্তি দিয়েই ভারত সফলভাবে এই পরীক্ষা চালিয়েছে। এতে করে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত।
গত মাসে নিজেদের তৈরি রণতরী ‘আইএনএস বিক্রান্ত’ এর আত্মপ্রকাশ করে ভারত। ২৬২ মিটারের এই রণতরীটি বিশ্বের বৃহত্তম নৌযানগুলির মধ্যে একটি। এটি তৈরিতে দেশটির সময় লেগেছে ১৭ বছর।
বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত। দেশটি সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে। তবে সম্প্রতি সময়ে দেশীয় অস্ত্র শিল্পকে বাড়ানোর চেষ্টা করছে তারা।