পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসেছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তারা এ বৈঠকে বসেছেন।
শাহজালালের পৌঁছানোর পর আনুষ্ঠানিক আপ্যায়ন শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ব্রুনাইর সুলতান। বেলা সাড়ে ৩টা দিকে সেখানে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে দুপুরে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ব্রুনাই সুলতান। দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাই সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়।
সুলতান হাসানাল বলকিয়ার দু’দিনের এ সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ। এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে: দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা।