গ্রিড বিপর্যয়ের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই তাদের চাকরীচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার কেরাণীগঞ্জে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার এবং ব্যক্তি বিশেষের অব্যবস্থাপনা দায়ী।
চলমান লোডশেডিং বিষয়ে নসরুল হামিদ বলেন, গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পূর্বাঞ্চলে আসছে না। তাই লোডশেডিং বেড়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
নসরুল হামিদ বলেন, জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাই দায়ী। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে বিদ্যুৎ চলে যায়। টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ।