রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় একজন জাপানি কূটনীতিককে আটক করা হয়েছে। তাকে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি ভ্লাডিভস্টক শহর থেকে তাকে আটক করা হয়।
মোতোকি তাতসুনোরি নামের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন।তিনি সংরক্ষিত তথ্য কেনার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন। রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় রাশিয়ার গুপ্তচর-বিরোধী সংস্থা তাকে আটক করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক তাতসুনোরিকে রাশিয়া থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যেতে হবে।
এফএসবি এক বিবৃতিতে জানায়, জাপানের এ কূটনৈতিক সন্দেহজনক সংরক্ষিত তথ্য অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা চালানোর সময় ধরা পড়েন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দেশকে রাশিয়া কিভাবে সহযোগিতা করছে এবং প্রিমোরি এলাকার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্ত কেনার চেষ্টা করেন ওই জাপানি কূটনীতিক।
এফএসবি আরও জানায়, জাপানের এ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এফএসবি’র এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি এমন সব তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক পরিচয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাশাপাশি যে সমস্ত তথ্য নেয়ার চেষ্টা করেছেন তাতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থ জড়িত।
জাপানি কূটনীতিক স্বীকার করেছেন যে, তার তৎপরতা রাশিয়ার আইনকে লন্ডন করেছে।
সূত্র: দ্য জাপান টাইমস, রয়টার্স