পুনর্দখলকৃত উত্তরপশ্চিম ইউক্রেনে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। শনিবার ইউক্রেনের পাল্টা হামলায় খারকিভের বিশাল অঞ্চল হাতছাড়া হয়েছে রাশিয়ার। হাতছাড়া হওয়া এই
অঞ্চলে পাওয়া গেছে একটি গণকবর যেখানে ৪৪০টি মরদেহ পাওয়ার দাবি করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর যুদ্ধের চাপ বেড়েছে।
জানা গেছে, খারকিভের উত্তরপশ্চিম অঞ্চলে ইউক্রেনের পাল্টা হামলার পর পিছু হটে নতুন প্রতিরক্ষা লাইন তৈরি করেছে রাশিয়ার সেনাবাহিনী।
সাম্প্রতিক সময়ে যুদ্ধে কিছুটা পিছু হটলেও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে। উজবেকস্থানের সমরখন্দে এসসিও সম্মেলনে গণমাধ্যমে এ কথা জানিয়েছেন পুতিন। এ সম্মেলনে চীন ও ভারত যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে। মোদি বলেন, আমি মনে করি এই সময় যুদ্ধের সময় নয়। আমি আগেও বলেছি যুদ্ধের পরিবর্তে এখন কূটনীতি ও আলোচনা দিয়ে সমস্যা সমাধান করা যায়।
সম্মেলনে চীনের উদ্বেগের কথা স্বীকার করেন পুতিন। এ সময় চীনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন তিনি। চীন ও ভারত রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং যুদ্ধে তারা একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
রাশিয়ান সৈন্যদের পিছু হটাকে পশ্চিমারা রাশিয়ার পরাজয় হিসেবে উল্লেখ করছে। এতে রাশিয়ার উপর সামরিক, কূটনৈতিক চাপ বাড়ছে।
এর আগে ইজিয়ুম অঞ্চল পুনর্দখল করার পর সেখানে একটি গণকবরের সন্ধান পেয়েছে ইউক্রেন। গণকবরে ৪৪০টি মরদেহ পাওয়া গেছে বলে দাবি দেশটির।
এমন পরিস্থিতিতে পুতিনের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এখনো যুদ্ধের অবস্থান সম্পর্কে কিছুই বলা যাবে না। কারণ রাশিয়া ইউক্রেনে তার পূর্ণ শক্তি দিয়ে হামলা চালায়নি। ক্রমাগত এই চাপে এই অবস্থান থেকে বেরিয়ে এসে যদি পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া তবে যুদ্ধের গতিপথ একদমই বদলে যাবে।